শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
এবারও স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে চান শিক্ষকরা।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ১৩ ও ১৪ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “ইউজিসি আমাদেরকে গুচ্ছে থাকার জন্য চিঠি দিয়েছে। কিন্তু আমাদের শিক্ষকরা গুচ্ছে থাকতে চায় না। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার গ্যাপ খুঁজে এ তারিখ নির্ধারণ করা হয়েছে।
“এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে এগোচ্ছি। ভর্তি কমিটি, পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন, পরীক্ষার কেন্দ্রসহ যাবতীয় বিষয়াদি দ্রুত প্রকাশ করা হবে।”
গুচ্ছ প্রক্রিয়ায় না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য সোমবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সংবাদ সম্মেলন কক্ষে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা। এতে ৩০০ শিক্ষক সই করেন।
অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে বিগত সময় শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সীমাবদ্ধতা ও আর্থিক জবাবদিহিতার অভাব দেখে এসেছি। এ ছাড়া গুচ্ছে থাকার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অ্যাকাডেমিক ঐতিহ্য স্নান হয়েছে। ফলে আমরা ভাল শিক্ষার্থী পাচ্ছি না।
“আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছি।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিয়ে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর আগে ২০২০-২১ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত গুচ্ছে পদ্ধতিতে থেকে ভর্তি পরীক্ষা অংশ নেয় এ শিক্ষালয়টি।
