২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2025, 09:08 PM

Updated : 26 Aug 2026, 11:38 AM

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর সাজেদুর রহমান।

গ্রেপ্তার রাজিব শেখ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে।

মামলার বিবরণে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার স্ত্রী, সন্তান ও দলীয় নেতা কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তার গাড়িবহর গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাতে হামলা চালায়।

এ সময় গাড়িবহরে থাকা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে রাখা হয়।

ওসি মীর সাজেদুর রহমান বলেন, এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর নিহত দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও দেড়শ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারকেও আসামি করা হয়েছে।

তিনি বলেন, “দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজিবের অবস্থানের গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।”