২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় বাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৩

এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

ভোলায় বাস খাদে পড়ে মা-ছেলেসহ নিহত ৩
.

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 03:41 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী ও তার ছেলেসহ তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া বাজারের কাছে ডা. আজাহার উদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানিয়েছেন। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস যাত্রী নিয়ে চরফ্যাসনের উদ্দেশে ছেড়ে যায়। পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যান। 

খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করেন। এ ছাড়া স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি অলিউল ইসলাম বলেন, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।