২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় সিত্রাং: মোংলা বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসায় মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 05:58 PM

Updated : 24 Oct 2022, 11:35 PM

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্দরে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়েছে।

মোংলা বন্দর সচিব কালাচাঁদ সিংহ বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার সকাল থেকে পণ্য ওঠানামার কাজ বন্ধ রয়েছে। বন্দর জটিতে থাকা সকল জাহাজ সরিয়ে নেওয়া হয়েছে বহির্নোঙরে।

ঘূর্ণিঝড় ‘সিত্রাং বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসায় এরই মধ্যে মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মোংলা ছাড়াও পায়রা সমুদ্রবন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান সোমবার দুপুরে বলেন, আবহাওয়া অধিদপ্তরের বিপদ সংকেত জারির পর বন্দরে ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়।

তিনি জানান, ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি ও ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুসারে চার ধরনের সতর্কতা জারি করে বন্দর।

আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে বন্দর প্রথম পর্যায়ের সতর্কতা বা ‘অ্যালার্ট-১’ জারি করে। ৪ নম্বর সংকেত জারি করলে বন্দর ‘অ্যালার্ট-২’ জারি করে।

বিপদ সংকেত ৫, ৬ ও ৭ নম্বরের জন্য বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৩’ জারি করা হয়। মহাবিপদ সংকেত ৮, ৯ ও ১০ হলে বন্দরে সর্বোচ্চ সতর্কতা ‘অ্যালার্ট-৪’ জারি করা হয়।