‘তেলের দাম বাড়তি, সারের দাম বাড়তি, কেমনে কী করাম?‘
‘অহনও চারা জোগাড় করতাম পারতাছি না। ঋণফিন করতাছি। মনে অয় না সব ক্ষেতে লাগাইতে পারবাম।’
মাসব্যাপী বন্যার দগদগে ক্ষতের মধ্যেই আমন চাষে গুনতে হচ্ছে ‘অতিরিক্ত খরচ’। তেল-সারের পাশাপাশি কৃষিশ্রমিকের দাম বেড়ে যাওয়ায় ‘দিশেহারা’ নেত্রকোণার আবদুল করিম।
ধারদেনা করে চাষবাস চালিয়ে নিতে পারলেও মৌসুম শেষে হাতে কিছু থাকবে কিনা তাই নিয়ে অশেষ দুশ্চিন্তার কথা জানিয়েছেন আবদুল করিম ছাড়াও অনেক চাষি।
সদর উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুল করিম বলেন, এবার তিনি ১০ কাঠা জমিতে আমন চাষ করছেন। ইতোমধ্যেই আট কাঠায় চারা লাগানো শেষ করেছেন। বাকি দুই কাঠায় লাগানোর চেষ্টা করছেন। টাকার অভাবে লাগাতে পারছেন না।
“এইবার আমনডা করতে বেশি খরচা হইতাছে। তেলের দাম বাড়ছে। তেলের দাম বাড়ায় চাষের খরচ বাড়ছে। লাগানোর শ্রমিকের দাম বাড়ছে। সারের দামও বাড়ছে। কেমনে কী করাম।”
ইতোমধ্যেই তাকে ‘বেশ কিছু’ ধারদেনা করতে হয়েছে। আরও ধারদেনা করে বাকি দুই কাঠায় আবাদ করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছেন না আবদুল করিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সংসারে ১০ জন খানেওলা। যে ধান অইবো, বেইচ্যা ঋণ দিয়াটিয়া কী থাকব? হুনছি রাশিয়া আর ইউক্রেন যুদ্ধের লাইগ্যা তেল, সারের দাম বাড়াইছে। অহন এই অবস্থায় আমরা কেমনে চলবাম। বাকি দুই কাঠা জমি লাগাইতাম পারি কিনা জানি না।”
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ইতোমধ্যেই সরকার বেকায়দায়। বিদ্যুৎকেন্দ্র চালাতে হিমশিম খেতে হচ্ছে। ডলারের দাম বাড়ছে। আটা ও ভোজ্যতেলের দামও বাড়তি। বাড়ছে বৈদেশিক বাণিজ্যে ঘাটতির পরিমাণ।
এমন অবস্থায় আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন অনেকে। লোকসানের আশঙ্কায় কতটুকু জমিতে চাষ করবেন তাই নিয়ে দ্বিধায় আছেন অনেক চাষি।
সদর উপজেলার বোবাহলা গ্রামের জাকির হোসেন বলেন, তিনি সাত কাঠা জমিতে চারা রোপণের কাজ শেষ করেছেন। তার এখনও ১৬ কাঠা জমিতে রোপণের কাজ বাকি।
“যুদ্ধ আমরারে শেষ কইর্যা ফালাইছে। সব চাপ আমরার কৃষকরার ওপর। রাতারাতি সার, তেলের দাম অতোতা বাড়াইছে সরকারে। এইবার যা অবস্থা, বেবাক জমি লাগাইতে পারতাম না। অহনও ধানের চারাই জোগাড় করতাম পারতাছি না। ট্যাহাপয়সা ঋণফিন করতাছি। যে খরচ অইবো আর যে ফসল অইবো তাতে হমান হমান। আমরা চলবাম কেমনে।”
জেলার কলমাকান্দা উপজেলার বিষমপুর গ্রামের কৃষক আব্দুল হান্নান। স্ত্রী-সন্তান নিয়ে চারজনের সংসার তার। ২০ কাঠা জমিতে বরাবরই আমন চাষ করেন তিনি। কিন্তু এবার তিনি সার-তেলের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বলে জানান।
হান্নান বলেন, “এখন নাগাদ মাত্র দুই কাঠা ক্ষেত লাগাইছি। বাকি সব জমি রেডি করতাম পারতাছিনা। এক কাঠা জমি হাল বাওয়াইলে লাগে ৪০০ ট্যাহা। শ্রমিক লাগে ৪০০ ট্যাহা, ধানের চারা লাগে ২০০ ট্যাহা। সারের কথা বাদই দিলাম। কয়ডা দিন গেছে বন্যাডা গেছে। হেইডার ক্ষতিই অহনও পিছ ছাড়ছে না। খায়াম না ক্ষেত লাগাইয়াম। অতো খরচ বাড়ছে ক্ষেত লাগাইতে! এইবার মনে অয় না সব ক্ষেতে ধান লাগাইতে পারবাম।”
তার প্রতিবেশী সিদ্দিক মিয়ার একই বক্তব্য।
সিদ্দিক বলেন, তিনি প্রতিবছর ৫০ কাঠা জমিতে আমন আবাদ করে আসছেন।
“আমরা যারা গরিব চাষি, আমরারই যত বিপদ। বড় চাষি যারা আছেন তারা তো নিজের ট্যাহা দিয়া চাষ করবো। হেরা কোনোমতে পোষায়া যাইবো। আমরার মরণছাড়া গতি নাই।”
কলমাকান্দা উপজেলার কনুড়া গ্রামের আরেক কৃষক মনতোষ বিশ্বশর্মা। তার আছে ৩০ কাঠা জমি।
মনতোষ বলেন, “আমি অহনও জমিত লাগাই নাই। কিছু জমি রেডি করতাছি। অর বছর তো সব জমি লাগাইতাম। এইবার সব জমি লাগাইয়া কী অইবো? খরচ আর যে ফসল অইবো তাতে লাভ তো দূরের কথা, এইবার লোকসান অইবো। তবু লাগায়াও পারি না আবার না লাগায়াও পারি না। খোরাকির ধান তো লাগবো।
“বন্যায় ক্ষতি করছে, আবার অহন ধরছে যুদ্ধে। সরকারে লাফায়া লাফায়া সার তেলের দাম বাড়াইছে। কিবায় সব ক্ষেত লাগায়াম।”
তবে সরকারের কৃষি কর্মকর্তারা চাষের লক্ষ্যমাত্রা নিয়ে আশাবাদী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা বিদ্যুৎ মজুমদার বলেন, জেলায় মোট চাষিদের মধ্যে দুই লাখ ৯০ হাজার জন আমন আবাদ করছেন। তাদের মধ্যে প্রায় ছয় হাজার বড় চাষি। বাকিরা ভূমিহীন, ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক চাষি।
“এবার লক্ষ্যমাত্রার মধ্যে প্রায় ২২ হাজার হেক্টর জমি আবাদ করছেন বড় চাষিরা। বাকি এক লাখ ৩০ হাজার ৩৮০ হেক্টর জমি আবাদ করছেন অন্য চাষিরা।”
অধিদপ্তর থেকে পাওয়া অন্যান্য তথ্য
লক্ষ্যমাত্রা: এবার জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৩২ হাজার ৫৮০ হেক্টর। এর মধ্যে ব্রি-৪৯,৩২, বীণাসহ স্থানীয় জাতের ধান রয়েছে।
গত বছরের চেয়ে এবার এক হাজার ৮২০ হেক্টর আবাদের লক্ষ্যমাত্রা বেশি ধরা হয়েছে।
বীজতলা: এবার ছয় হাজার ৮৫১ হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে লক্ষ্য ছাড়িয়ে হয়েছে সাত হাজার ২১ হেক্টর।
প্রণোদনা: জেলায় মোট আট হাজার ৮০০ কৃষককে ১৭৬ মেট্রিকটন সার ও ৪৪ মেট্রিকটন বীজধান প্রণোদনা দেওয়া হয়। এর মধ্যে প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পাঁচ কেজি করে বীজধান দেওয়া রয়েছে। প্রণোদনার বীজ দিয়ে জেলায় এক হাজার ১৮৯ হেক্টর বীজতলা তৈরি করেন কৃষকেরা।
সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি সংস্থাও সহযোগিতার হাত বাড়িয়েছে।
জেলার দুস্থ স্বাস্থ্যকেন্দ্র নামে একটি বেসরকারি সংস্থা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার কৃষকদের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা দিয়েছে বলে সংস্থাটির নেত্রকোণা অঞ্চল ২-এর আঞ্চলিক ব্যবস্থাপক শরিয়ত উল্লাহ জানিয়েছেন।
তিনি বলেন, ৬০০ কৃষককে এক হাজার টাকা করে ছয় লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার জনকে পাঁচ কোটি টাকা বিনা সুদে ঋণ দেওয়া হয়েছে, যাতে তারা পুনর্বাসিত হতে পারেন।
বন্যায় ক্ষয়ক্ষতি: জেলায় সাম্প্রতিক বন্যায় ১২ হাজার ৩২৭ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে ৪৮৬ হেক্টর জমিতে পাঁচ কোটি ৫৪ লাখ টাকার আউশ ধানের ক্ষতি হয়। ৫৮৮ হেক্টরে ২৩ কোটি ৫২ লাখ টাকার শাক-সবজির ক্ষতি হয়। তাছাড়া ১৩৬ হেক্টরে এক কোটি ৫৩ লাখ টাকার পাটের ক্ষতি হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বলেন, যুদ্ধের প্রভাবে সার-তেলের দাম বেড়েছে ঠিকই। তবু জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষকদের সরকারের পক্ষ থেকে সার-বীজ দেওয়া হয়েছে। এবার বীজতলা লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এখন কৃষকেরা উৎসাহের সঙ্গে আবাদ করছেন। মাঠে তারা দিনরাত কাজ করছেন।
সারের দাম বাড়লেও কৃষকপর্যায়ে এর প্রবাব পড়বে না বলে দাবি করে তিনি বলেন, ডিএপি ৫০ কেজি সার ব্যবহার করলে ২০ কেজি ইউরিয়া সার কম ব্যবহার করলেই চলে। এই বিষয়টি মাঠে কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এতে কৃষকদের উৎপাদন খরচ কমবে।
