গাজীপুরে পানির তেষ্টা নিয়েই সড়কে প্রাণ গেল কিশোরের
বোনের বাসা বদলানোর কাজে সহযোগিতার জন্যই নয়ন সুনামগঞ্জ থেকে শ্রীপুর আসেন।
বোনের বাসা পরিবর্তনের মালামাল নিয়ে যাওয়ার পথে পানির তেষ্টা পায় কিশোর নয়ন মিয়ার। তাই গাজীপুরের শ্রীপুরে ট্রাক থামিয়ে পানি পানের জন্য মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। কিন্তু ড্রাম্প ট্রাকের নীচে চাপা পড়ে তেষ্টা নিয়েই মারা গেলেন তিনি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদের এমসি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস।
নিহত নয়ন মিয়া (১৭) সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বাইশ্যার পাড় গ্রামের কামাল মিয়ার ছেলে। শ্রীপুরের মাওনা উত্তরপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন নয়নের দুলাভাই মুক্তার হোসেন।
মুক্তার জানান, সম্প্রতি তিনি উত্তরা এলাকায় নতুন একটি চাকরিতে যোগদান করেন এবং সেখানে নতুন বাসা ভাড়া নেন। বোনের বাসা বদলানোর কাজে সহযোগিতার জন্যই নয়ন সুনামগঞ্জ থেকে শ্রীপুর আসেন। বৃহস্পতিবার ট্রাকে মালামাল উঠিয়ে উত্তরার উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা।
“পথে এমসি বাজার এলাকায় সে পানি পান করতে চাইলে গাড়ি থামানো হয়। পানি পান করতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে নয়ন।
“এ সময় পেছন দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম্প ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।”
ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ঘাতক ড্রাম্প ট্রাকটি আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
