২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন ঘিরে বিএনপি আবারও দেশকে উত্তাল করতে চায়: কৃষিমন্ত্রী

“বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন; তারাই নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা।”

নির্বাচন ঘিরে বিএনপি আবারও দেশকে উত্তাল করতে চায়: কৃষিমন্ত্রী

টাঙ্গাইলের মধুপুরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2023, 04:40 PM

Updated : 25 Jun 2023, 09:53 AM

সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি আবারও দেশকে উত্তাল করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, “আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপি সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশটাকে উত্তাল করতে চায়। সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে।”

শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটোরিয়ামে শিক্ষক ফেডারেশনের আত্মপ্রকাশ ও উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংবিধানের আলোকে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “যারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করার জন্য বিদেশিদের কাছে হাত পাতছেন, ধরনা দিচ্ছেন, তাদের কাছে ভিক্ষা চাচ্ছেন। তাদের উদ্দেশে বলতে চাই, মুক্তিযুদ্ধের সময়ও অনেক বিদেশি শক্তি আমাদের বিরুদ্ধে ছিল। কিন্তু সে সময় জনগণ আমাদের পক্ষে ছিল।

“বিএনপি বলছে, এই সরকারের প্রতি বিদেশিদের সমর্থন নাই, দেশের মানুষেরও সমর্থন নাই। বিদেশিদের নয়, আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এদেশের মালিক। জনগণ নির্ধারণ করবে, আমাদের প্রতি তাদের সমর্থন আছে কিনা। সেটা নির্বাচনে প্রমাণ হবে।”

কৃষিমন্ত্রী আরও বলেন, “২০১৪-১৫ সালের মতো বিএনপিকে আর তাণ্ডব চালাতে দেব না। মানুষকে জীবন্ত হত্যা করবেন, পুলিশের গাড়িতে আগুন দিবেন তা আর হবে না। সরকার এসব প্রতিহত করবে।

“বর্তমান সরকার নির্বাচিত সরকার, জনগণের সরকার। জনগণের জানমাল ও নিরাপত্তা দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে এসব মোকাবিলা করব।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল। তারা অনেক সংগঠিত, তাদের দায়িত্ব বর্তমান সরকারকে নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করা।

“আমার দৃঢ় বিশ্বাস, তারা সে সক্ষমতা রাখে। তারা কোনো রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে দেবে না।”

মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশীল কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গবেষণা কমিটির সমন্বয়ক অধ্যাপক আবু হাদী নুর আলী খান, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলী।