২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটের পাশাপাশি এসএসসিতেও সাফল্য মারুফার

তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি থেকে পরীক্ষায় অংশ নেন।

ক্রিকেটের পাশাপাশি এসএসসিতেও সাফল্য মারুফার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়ার মারুফা আকতার।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 09:56 PM

Updated : 28 Jul 2023, 09:56 PM

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আলোচিত তারকা মুখ মারুফা আকতার খেলার পাশাপাশি লেখাপড়াতেও নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে মানবিক বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে এই পেসার। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পরীক্ষায় অংশ নেন।

সম্প্রতি ভারতের বিরুদ্ধে সিরিজে সাফল্য পেয়েছেন মারুফা। ছুটি কাটাতে এখন গ্রামের বাড়ি নীলফামারী সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোলায় আছেন তিনি। তার বাবা মো. আইমুল্লাহ একজন কৃষক।

খেলাধুলার পাশপাশি জাতীয় দলে অনুশীলনের শত ব্যস্ততার মধ্যেও এমন ফলাফলে খুশি মারুফা বলেন, “অনুশীলনের কারণে পড়াশোনা সেভাবে করতে পারিনি। মনে করেছিলাম, পরীক্ষার ফল ভালো হবে না। কিন্তু আজ ফলাফল শুনে আমি খুব খুশি হয়েছি।

“সবাই আমার জন্য দোয়া করবেন, খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।”

মারুফা আকতারের বাবা মো. আইমুল্লাহ বলেন, “মেয়ে আমার খেলাধুলা করেও যে ফলাফল করেছে তাতে আমি খুশি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন আগামী দিনেও সে যেন আরও ভালো ফলাফল করতে পারে।”

মারুফা আকতারের বড় ভাই আল-আমিন ইসলাম বলেন, “মারুফাকে আমি সব সময় বলেছি, খেলার পাশাপাশি পড়াশোনাও করতে হবে। খেলার সময় সে যেমন আমার পরামর্শ মেনে চলেছে, পড়ালেখার বেলায়ও সে আমার পরামর্শ মেনে চলেছে। এজন্য আমি আমার বোনকে নিয়ে গর্বিত।’

প্রতিবেশি নূর আলম বলেন, “মারুফা আকতার পাড়ার মাঠে ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলত বলে অনেকে তাকে নিয়ে কটূ কথা বলতো। এখন তারাই টিভিতে খেলা দেখে মারুফাকে নিয়ে গর্ব করেন।”

অনুর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেন মারুফা আকতার। সম্প্রতি শেষ হওয়া ভারত-বাংলাদেশ সিরিজে প্রথম ওয়ানডেতে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে এই পেসার বড় ভূমিকা রাখেন।

বাংলাদেশ-ভারতের তৃতীয় ওয়ানডে ম্যাচেও দুই উইকেট নেয় মারুফা। এই ম্যাচের শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র তিন রান দরকার, তখন নিজের জাত ভালোভাবেই বুঝিয়েছেন তিনি।

দুই রান দেওয়ার পর তৃতীয় বলে ভারতীয় ইনিংসের সর্বশেষ উইকেট তুলে নেন তিনি। এর মাধ্যমে ড্র নিয়ে শেষ হয় খেলা। সিরিজটিও শেষ হয়েছে সমতায়।