শরীয়তপুরে ব্যাংক কর্মচারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার সকালে তিনি নিজ কর্মস্থল অগ্রণী ব্যাংকে যান; এরপর আর ফেরেননি।
শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজ হওয়ার তিন দিন পর এক ব্যাংক কর্মচারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকাল ১১টার দিকে ডামুড্যা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিশাকুড়ি এলাকায় ওই ব্যক্তির বাড়ির পাশে একটি ডোবায় তার লাশ পাওয়া যায়।
নিহত আজিজুর রহমান মাছুম (৪৩) ডামুড্যা পৌরসভার বিশাকুড়ির আব্দুল আলী মাস্টারের ছেলে; তিনি অগ্রণী ব্যাংক ডামুড্যা শাখার মাঠ সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
স্বজনরা জানান, বৃহস্পতিবার ব্যাংক থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। বাসার লোকজন তার মোবাইলে ফোন দিলে তা বন্ধ পান। শুক্রবার সকাল থেকে তার খোঁজ চেয়ে এলাকায় মাইকিং করা হয়।
ডামুড্যা থানার ওসি শরীফ আহমেদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী ছাঈদ হোসেন বলেন, “তিনি ভদ্র স্বভাবের ছিলেন। সকালে রিকশায় অফিসে যেতেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরতেন। তার কোনো শত্রু আছে বলে আমাদের মনে হয় না।”
নিহত মাছুমের স্ত্রী ফারজানা বলেন, তিনি বৃহস্পতিবার দুই সন্তান নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। তার স্বামী মাছুম তাদের গাড়িতে তুলে দেন। বাবার বাড়ি পৌঁছে তিনি স্বামীকে ফোন দিয়ে জানান।
“এরপর গত শুক্রবার রাত থেকে তাকে একাধিকবার ফোন করেও পাইনি। এরপর শনিবার সকালে আমার ভাসুরকে ফোন দিয়ে জানাই। আমার ভাসুরও তাকে খুঁজে না পেলে সকলেই চিন্তায় পড়ে যাই।”
তাদের বর্তমান দুই সন্তান ছাড়াও তিনি এখন অন্তঃসত্ত্বা বলে জানান।
