গোখরা সাপের ৫০ বাচ্চা নিয়ে 'ভিক্ষায়' এলেন যুবক
পরে বাচ্চাগুলো উদ্ধার করে ফরিদপুরের বন বিভাগ।
ফরিদপুরে ৫০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শহরের টেপাখোলা এলাকা থেকে মঙ্গলবার দুপুরে এসব বাচ্চা উদ্ধার করা হয় বলে ফরিদপুর বন বিভাগ ফরেস্টার জাহিদুল ইসলাম জানান।
স্থানীয় যুবক অভি সিনহা বলেন, “সদর উপজেলার চাঁদপুর থেকে আসা এক যুবক সাপের বাচ্চাগুলো নিয়ে লোকজনের কাছ থেকে টাকা তুলছিল। বিষয়টি ভাল মনে হয়নি।
“এ কারণে বন বিভাগকে ফোন দিয়ে অভিযোগ করা হয়। পরে বন বিভাগের লোক এসে সাপগুলো নিয়ে যায়।”
ফরেস্টার জাহিদুল জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা ৫০টি সাপের বাচ্চা উদ্ধার করি। বাচ্চাগুলো গোখরা সাপের। আমরা বিষয়টি বণ্যপ্রাণী বিভাগকে জানিয়েছি। বুধবার তারা এসে নিয়ে যাবে। সেগুলো আমাদের হেফাজতে আছে।
তিনি আরও জানান, যে যুবকের কাছ থেকে ছানাগুলো উদ্ধার করা হয়েছে তিনি চাঁদপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পরিবার সাপ ধরার কাজ করে।
