২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসির রায়

২০১৪ সালের ১৯ জুন সকালে কয়েকজন যুবক নাহিদ হাসান মৃদুলকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2022, 04:04 PM

Updated : 25 Aug 2022, 04:17 PM

রাজবাড়ীতে স্কুলছাত্র নাহিদ হাসান মৃদুল হত্যা মামলায় একজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডিত রুবেল মন্ডল (২১) রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছালাম মন্ডলের ছেলে।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন সদরের কামালদিয়াকান্দি গ্রামের খলিল মন্ডলের ছেলে রাফিজুল মন্ডল (২৬), বড়মুরারীপুর গ্রামের হান্নান সরদারের ছেলে পিয়ারুল (২১), কালুখালী উপজেলার বাস্তেখোলা গ্রামের মো. মাছেমের ছেলে রায়হান (২১) এবং রাজবাড়ী সদরের সজ্জনকান্দার টাবলুর ছেলে পিয়াল (২০)।

মামলার বরাতে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহত নাহিদ হাসান মৃদুল রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের আব্দুল মোমিন মোল্লার ছেলে ও রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার দশম শ্রেণীর ছাত্র ছিল।

২০১৪ সালের ১৯ জুন সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক নাহিদ হাসান মৃদুলকে ইয়াছিন স্কুলের গেটের সামনে থেকে কিছুদূরে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। এর দুদিন পর ২১ জুন তার বাবা আব্দুল মোমিন মোল্লা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ ছয়জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার দুই আসামি এলেম এবং ফরিদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয় বলে পিপি জানান।

উজীর আলী আরও বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রুবেল মন্ডলকে দশ হাজার এবং যাবজ্জীবনপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।