বঙ্গবন্ধুকে নিয়ে ১২ ভাষায় কবিতাপাঠ ও আবৃত্তি
নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি এই আয়োজন করে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন জাতি-গোষ্ঠীর ১২টি ভাষায় কবিতা পাঠ করেছেন কবি ও আবৃত্তিকাররা।
নেত্রকোণার দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্রনৃগোষ্ঠী কালচারাল একাডেমি এই আয়োজন করে। শুক্রবার বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতাপাঠ, আবৃত্তি ও আলোচনা সভার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর বলেন, “একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ও পরবর্তীতে পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর হাজং, গারো ও অন্যান্য জাতিসত্তার মানুষেরা। আজকে তাদের নিজস্ব ভাষার কবিতায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা নিবেদনই প্রমাণ করে আমরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধুকে নিয়ে শোকের মাসে এরকম একটি আয়োজনে যুক্ত হতে পেরে আমি গর্বিত।”
উদ্বোধনের পর কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন।
এ সময় নিজেদের ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন চাকমা ভাষার কবি মৃত্তিকা চাকমা, মণিপুরী ভাষার কবি এ কে শেরাম, ত্রিপুরা ভাষার কবি বরেন্দ্র লাল ত্রিপুরা, গারো ভাষার কবি মতেন্দ্র মানখিন, কবি থিওফেল নকরেক, সাঁওতাল ভাষার কবি সুবোধ এম বাস্কে, মারমা ভাষার কবি রিপ্রুচাই মারমা, কোচ ভাষার কবি কবি যুগলকিশোর কোচ, কুডুখ ভাষায় কবি স্বপন এক্কা, হাজং ভাষার কবি সোহেল হাজং, কবি রিপন বানাই, সাদ্রী ভাষায় কবি সনজিৎ কুমার সিংহ।
এ ছাড়া কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘আজ আমি কারো রক্ত চাইতে আসিনি’ চাকমা ভাষায় আবৃত্তি করেন আনন্দ জ্যোতি চাকমা এবং ইংরেজি ভাষায় আবৃত্তি করেন কবি আনিস মুহম্মদ।
কবি মুহাম্মদ সামাদের ‘মুজিব’ কবিতাটি ত্রিপুরা ভাষায় আবৃত্তি করেন লীনা ত্রিপুরা, হাজং ভাষায় কবি মুহাম্মদ নূরুল হুদার ‘টুঙ্গীপাড়ার খোকাবাবু’ কবিতাটি আবৃত্তি করেন রীতাশ্রী হাজং।
বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজংয়ের সভাপতিত্বে এবং
মালা মার্থা আরেং এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও জাতীয় কবিতা পরিষদের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সামাদ,বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা,ভারতের বিশিষ্ট বাচিকশিল্পী ও অভিনেতা সতীনাথ মুখোপাধ্যায়।
