সিলেটে আম কুড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ বোনের
সকালে ইভা ও শুভা আম কুড়াতে বের হয়ে নিখোঁজ হয় বলে জানান স্বজনরা।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর প্রাণ গেছে; যারা সম্পর্কে চাচাতো বোন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের গেছুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জকিগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাসুদ।
নিহতরা হলো- ওই গ্রামের গৌছ উদ্দিনের মেয়ে ইভা আক্তার (৬) এবং ইকরাম উদ্দিনের মেয়ে শুভা আক্তার (৫)।
স্থানীয়দের বরাতে ওসি জাবেদ মাসুদ বলেন, সকালে ইভা ও শুভা আম কুড়াতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়া মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি জাবেদ মাসুদ।
