২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে একটি আম বিক্রি হল ১৬০০ টাকায়

আম ছাড়াও এক হালি ডিম ২০০ টাকায় নিলামে বিক্রি হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2025, 08:28 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার একটি মসজিদে নিলামে ডাকের মাধ্যমে একটি আম বিক্রি হয়েছে ১ হাজার ৬০০ টাকায়।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা পশ্চিমপাড়া বায়তুল-আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। আমটি কিনেছেন ওই মসজিদের ইমাম মাসুম বিল্লাহ।

মাসুম বিল্লাহ বলেন, “প্রতি শুক্রবার জুমার নামাজের সময় অনেকেই দান হিসাবে বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে আসেন। পরে সেই বস্তুটি প্রকাশ্যে উম্মুক্ত নিলামে বিক্রি করা হয়। মসজিদের লোকজন আল্লাহর রহমতের আশায় বেশি দাম দিয়ে কিনে নেন। প্রাপ্ত টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যয় করা হয়।”

“দুপুরে আক্তার হোসেন নামে একজন একটি গাছ পাকা আম নিয়ে আসেন। আমিও নিলামে অংশ নিয়ে বরকত ও সওয়াবের আশায় সর্বোচ্চ দামে ১ হাজার ৬০০ টাকায় আমটি কিনে নেই।”  

আম ছাড়াও এক হালি ডিম ২০০ টাকায় নিলামে বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, “গত শুক্রবার একটি লেবু ৪০০ টাকায় একজন নিলামে কিনে নেন।”