২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলায় ‘সবার যেতে মানা’

কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিলায় ‘সবার যেতে মানা’
কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 10:16 PM

Updated : 26 Aug 2026, 11:53 AM

‘বারবার অগ্নিকাণ্ড ও অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এড়াতে ক্যাম্পাসের টিলাগুলোতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদিরের সই করা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের টিলা এলাকায় একাধিকবার আগুন লেগে যাওয়াসহ গাছপালার ক্ষতি, পরিবেশের বিপর্যয় এবং অন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে টিলাগুলো জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হল। 

কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীকালু ও অস্ট্রেলিয়া টিলায় সম্প্রতি কয়েকবার আগুন লেগেছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা ঝোপঝাড় পরিষ্কার করে গাছের ডাল-কাঠ এসব সংগ্রহ করতে এসে অগ্নিকাণ্ড ঘটায় বলে আমরা জানতে পেরেছি। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এ নিষেধাজ্ঞা জারি করেছে।”

“তাছাড়া বার বার ফায়ার সার্ভিসকে ডাকায় তারাও অতিষ্ঠ।”

শিক্ষার্থীদের প্রবেশের বিষয়ে তিনি বলেন, “নোটিসে জনসাধারণ বলতে শিক্ষার্থীদের বাদ দিয়ে বোঝানো হয়েছে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসের পুরো ৩২০ একরই উন্মুক্ত। তবে তাদের জন্য রাতে সেখানে যাওয়া নিষেধ করা হয়েছে। আমরা চাইব, শিক্ষার্থীরা যেন সাবধানে চলাফেরা করে।” 

সবশেষ গত ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় অগ্নিকাণ্ড ও তার কিছুদিন আগে মুজতবা আলী হল সংলগ্ন অস্ট্রেলিয়া টিলায় আগুন লেগেছে বলে নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন। এতে টিলার ফলদ, বনজ উদ্ভিদসহ অন্য গাছপালার ব্যাপক ক্ষতি হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি।