আন্দোলনের নামে আগুন-হামলা হলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী
আন্দোলনের নামে বিএনপি জনগণের সম্পত্তিতে আগুন দিলে, হামলা করলে আওয়ামী লীগও বসে থাকবে না, হুঁশিয়ারি তথ্যমন্ত্রীর।
আন্দোলনের নামে বিএনপি সম্পদে আগুন দিলে কিংবা হামলা করলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ হুঁশিয়ার করেছেন।
মঙ্গলবার নওগাঁয় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিএনপির উদ্দেশে তিনি বলেন, “আপনারা সভা-সমাবেশ করেন; তাতে কোনো অসুবিধা নেই।”
তবে আন্দোলনের নামে বিএনপি জনগণের সম্পত্তিতে আগুন দিলে, জনগণের উপর হামলা পরিচালনা করলে আওয়ামী লীগও বসে থাকবে না বলে তিনি হুঁশিয়ার করেছেন।
তিনি বলেন, “জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করা হবে। পুলিশও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেবে।”
হাছান মাহ্মুদ বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। জনগণ ও দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের দেশ সুইজারল্যান্ড জ্বালানি তেলের দাম আড়াইগুণ বেড়েছে। বাংলাদেশে গড়ে বেড়েছে ৩৮/৪০ ভাগ। এই বৃদ্ধিতে জনগণের কিছু অসুবিধা হচ্ছে। তবে আবার কিছু তেলের মূল্য কমানো হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে কমলে আবার দেশে তেলের দাম কমানো হবে।
বিকালে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সমাবশে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী।
সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নিজাম উদ্দিন জলিল জন, ছলিম উদ্দিন ও আনোয়ার হোসেন হেলাল।
