‘দেয়াল ঘেঁষে বাড়ি, গেইটে ময়লার স্তূপ’, প্রতিবেশীর অভিযোগ
নওগাঁ পৌরসভার প্রশাসক বলেন, অভিযোগ পেয়েছেন; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ পৌর এলাকার আরজী মহল্লায় নিয়ম না নেমে বাড়ি ঘেঁষে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।
এ ছাড়া বাড়ির প্রধান ফটকের সামনে ময়লার স্তূপ ও শৌচাগারের পানি ছেড়ে রাখার অভিযোগও ওঠে।
এর প্রতিকার চেয়ে নওগাঁ পৌর প্রশাসক ও সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ওই এলাকার আব্দুর রহমান।
তিনি বলেন, দীর্ঘদিন আগে শহরের আরজী নওগাঁ মৌজায় জমি কিনে বাড়ি নিমার্ণ করে বসবাস করছেন। অথচ তার প্রতিবেশী গোলাম মোর্তুজা পৌরবিধি অমান্য করে একতলা বাড়ির উপর দুইতলা নিমার্ণ করছেন।
আব্দুর রহমানের অভিযোগ, মোর্তুজা বাসার ছাদ নিমার্ণের সময় তার বাড়ির ছাদের কার্নিসের ওপর দিয়ে দেয়াল ঘেঁষে নিমার্ণ কাজ করছেন। ফলে ওই ছাদের পানি এসে আব্দুর রহমানের বাড়ির ছাদে পড়ছে।
এছাড়া বাড়ির প্রধান ফটকের সামনে ময়লা-আবর্জনা রাখা হয়েছে স্তূপ করে।
এ বিষয়ে কথা বলতে গেলে রহমানের বাড়ির কাজের মেয়ে, নিরাপত্তাকর্মীকে নানা হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও উঠেছে গোলাম মোর্তুজার বিরুদ্ধে।
একইভাবে তার সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে দাবি করে আব্দুর রহমান বলেন, “গোলাম মোর্তুজার বাসার নিমার্ণকাজ বন্ধ ও অবৈধ অংশ অপসারণ করা হোক।”
তবে গোলাম মোর্তুজা বলেন, পৌরবিধি মেনেই তিনি নির্মাণ কাজ করছেন। বরং আব্দুর রহমান বাড়ি করার সময় কোনো জায়গা ছাড়েননি।
তার বাড়ি নির্মাণের নকশা ও অনুমোদন আছে বলেও দাবি করেন গোলাম মোর্তুজা।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আব্দুর রহমানের বাড়ির মেইন গেইটের সামনে গোলাম মোর্তুজার দোতলার টয়লেটের পানি ছেড়ে দেওয়াটা অমানবিক মনে হয়েছে।”
শিগগিরই এ বিষয়ে গোলাম মোর্তুজাকে থানায় ডাকা হবে বলেও জানান এসআই সাখাওয়াত।
নওগাঁ পৌরসভার প্রশাসক টিএমএ মমিন বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
