১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে পর্যটকদের বাস উল্টে আহত ২০

সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 11:13 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

খাগড়াছড়িতে পাহাড়ে ধাক্কা খেয়ে বাস উল্টে অন্তত ২০ পর্যটক আহত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আলুটিলার পর্যটন কেন্দ্র এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান। 

গাড়িতে থাকা কয়েকজন পর্যটক জানান, অনলাইনভিত্তিক একটি ট্যুর গ্রুপের মাধ্যমে তারা ঢাকা থেকে খাগড়াছড়ি আসছিলেন। এসময় আলুটিলা হয়ে খাগড়াছড়ি শহরের দিকে আসার পথে বাসটি একটি পাহাড়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে যায়।

খাগড়াছড়ির ট্রাফিক পুলিশের পরিদর্শক সমুন জাহিদ বলেন,  “আমার ধারণা চালক ঘুমিয়ে পড়েছিল। এতে বাসটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জনের মতো আহত হয়েছে।”

তিনি আরও জানান, সড়কে গাড়ি উল্টে থাকায় সড়কের উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করলে দুর্ঘটনার ১ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,  “আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের পা ভেঙে গেছে। তিনজনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা বেশি গুরুতর নয়।”

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পী বলেন, “আহতদের মধ্যে আশংকাজনক কোনো রোগী নেই। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”