১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাবিতে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে পিটুনি দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2026, 05:27 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে এক বহিরাগত যুবককে পুলিশের দিয়েছেন শিক্ষার্থীরা। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার রিয়াজ আহমেদ (২৩) কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি একটি বেসরকারি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের উপ-রেজিস্ট্রার ও মামলার বাদী মোহাম্মদ আবু সাঈদ বলেন, সোমবার রাতে মুক্তমঞ্চে ব্রাজিল বনাম জাপানের খেলা শেষে কয়েকজন ছাত্রী টিএসসির ওয়াশরুমে যান। এ সময় এক ছাত্রী সন্দেহ করেন যে, ওয়াশরুমে কোনো পুরুষ ঢুকে দ্রুত বের হয়ে গেছে। 

পরে শিক্ষার্থীরা ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তাদের অভিযোগ, এ সময় তার মোবাইল ফোনে নারী শিক্ষার্থীদের গোপনে ধারণ করা একাধিক ভিডিও পাওয়া যায়। 

শিক্ষার্থীদের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে ক্যাম্পাসে ধারণ করা এমন আরও কয়েকটি ভিডিও তার ফোনে ছিল। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থী তাকে পিটুনি দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে প্রান্তিক ফটকে নিয়ে যান। সেখান থেকে প্রথমে পুলিশ তাকে নিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়। এরপর ছাত্রীরা লিখিত অভিযোগ দেন এবং মামলা করার জন্য আশুলিয়া থানায় যান।

মামলার বাদী মোহাম্মদ আবু সাঈদ বলেন, মঙ্গলবার সকালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় রিয়াজের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ওসি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু ভিত্তি পাওয়া গেছে। তবে জব্দ করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি বলেন, রিয়াজকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।