আসামির গায়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি, এসআইকে শোকজ
আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরানোর নিয়ে এসআই বলেন, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন।
বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তার এক যুবকের ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই ব্যবহার করে তার পরনের আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি দেখানো হয়।
এ ঘটনায় এক এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. আশিক সাঈদের নির্দেশে এ শোকজ দেওয়া হয়।
সোমবার বিকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় রাসেলের পরনে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। পরে সেই ছবি তুলে মিডিয়া সেলে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, এরপর ছবিটি এআই দিয়ে সম্পাদনা করে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি পরানো হয় এবং সেই ছবি গণমাধ্যমে পাঠানো হয়।
ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবিটি প্রত্যাহার করা হয়।
এরপর মূল ছবি ও সংশোধিত তথ্য আবার মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ই-মেইলে পাঠানো হয়।
এ ঘটনায় এসআই তানজিল আহমেদ বলেন, বিষয়টি তিনি ‘দুষ্টুমির ছলে’ করেছিলেন। দায়িত্বশীল পদে থেকে এমন আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
বরিশাল মহানগর পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, পুলিশ কমিশনারের নির্দেশে এসআই তানজিলকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে মিডিয়া উইং থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
