Published : 10 Jun 2026, 06:11 PM
বগুড়ার শাজাহানপুর উপজেলায় এক এসআইকে ছুরিকাঘাত করে মামলার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ফুলদিঘী এলাকায় পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান।
আহত মইনুল ইসলাম উপজেলার কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
পুলিশ জানায়, একটি মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে নিজ ফাঁড়িতে ফিরছিলেন এসআই মইনুল ইসলাম। পথে একদল লোক তার গতিরোধ করে। এ সময় তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে হামলাকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এতে মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে কেটে যায়। পরে স্থানীয় এক অটোরিকশা চালক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সুফিয়ান বলেন, এসআই মইনুল ইসলাম প্রাথমিক চিকিৎসা শেষে বিশ্রামে আছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।