গাজীপুরে যুবদল কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে মারধরের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
গাজীপুরে যুবদলের দুই কর্মী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর বাদল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ পৌরসভা চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান।
গ্রেপ্তার বাদল মিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেকপাড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে। তিনি কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি এবং ওই ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।
ওসি আলাউদ্দিন বলেন, ২০১১ সালের ৬ মে কালীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে ট্রলারের গতিরোধ করে যুবদল কর্মী চৈতারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে জামির হোসেন (৪০) ও নরসিংদীর পলাশ উপজেলার ফিরিন্দা টেকপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে নাঈম হোসেনকে (২০) হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ১৪ নাম্বার আসামি বাদল মিয়া।
এছাড়া বাদল মিয়া গত ৪ অগাস্ট বালীগাঁও বাইপাস সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে মারধর করার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ২৪ নম্বার আসামি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, “গোপন খবরে অভিযান চালিয়ে যুবদলের দুই কর্মী হত্যা মামলায় বাদলকে হত্যা গ্রেপ্তার করা হয়।”
