২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ২ দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

শনিবার সকালে সিরাজদিখান উপজেলার নিমতলিতে এবং শুক্রবার রাতে শ্রীনগরের হাসাড়ায় দুর্ঘটনাগুলো ঘটে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2025, 11:53 AM

Updated : 26 Aug 2026, 12:35 PM

মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও এক জন আহত হয়েছেন। 

শনিবার সকালে সিরাজদিখান উপজেলার নিমতলিতে এবং শুক্রবার রাতে শ্রীনগরের হাসাড়ায় এই দুর্ঘটনাগুলো ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। 

এর মধ্যে শনিবার সকালে নিমতলিতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে আছড়ে পড়ে। 

এতে আঘাতপ্রাপ্ত হয়ে বাইকে থাকা ইউসুফ খান (৫২) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। 

নিহত ইউসুফ ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে। 

এর আগে শুক্রবার গভীর রাতে শ্রীনগরের হাসাড়ায় এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক  মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এতে মোটরসাইকেল আরোহী রংপুরের আলিমুল (২৭) এবং রাজধানীর মুগদাপাড়ার আব্দুর রহমান (২৫) আহত হন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক আলিমুলকে মৃত ঘোষণা করে চিকিৎসক।  

ওসি আব্দুল কাদের জিলানী বলেন, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা দুটি ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যান দুটি শনাক্ত এবং আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।