মহেশখালীতে বিএনপির নেতা হত্যা: সাবেক এমপি প্রধান আসামি
“গত ৫ অগাস্ট প্রতিপক্ষের হামলার শিকার হন শফিউল আলম শফি। চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।”
কক্সবাজারের মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম হত্যা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।
রোববার সকালে নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে মহেশখালী থানায় মামলাটি দায়ের করেন বলে মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন।
এছাড়া জাহেদুল হক নাহিদ, হাবিব উল্লাহ হাবিব, আনছার উল্লাহ, তারেক জুয়েল, মো. ইমতিয়াজসহ ২৫ জনের নাম উল্লেখ এবং আরও ৭-৮ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে।
সুকান্ত বলেন, “গত ৫ অগাস্ট রাত ১১টায় উপজেলার বানিয়ার দোকান এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন শফিউল আলম শফি। চিকিৎসাধীন অবস্থায় ১৩ আগস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
“নিহত শফিউল আলমের বাবা কামাল পাশা বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। ওই মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহকে। আর দুই নম্বর আসামি করা হয়েছে তার ভাতিজা জাহেদুল হককে।”
স্থানীয়লা বলেছেন, মহেশখালী উপজেলায় বিএনপির রাজনীতিতে সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ও বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আলাদা দুটি গ্রুপের রাজনীতি সক্রিয় রয়েছে। এর জের ধরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে।
