২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ায় ‘আরসা-পুলিশের মধ্যে গোলাগুলি’, রোহিঙ্গা যুবক নিহত

ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

উখিয়ায় ‘আরসা-পুলিশের মধ্যে গোলাগুলি’, রোহিঙ্গা যুবক নিহত
ক্যাপশন- ফাইল ছবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2024, 03:44 PM

Updated : 26 Aug 2026, 09:46 AM

কক্সবাজারে উখিয়া উপজেলায় আশ্রয় শিবিরে ‘আরসার দুইপক্ষ এবং পুলিশের মধ্যে গোলাগুলিতে’ এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার সকাল ৬টায় উপজেলার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে এ ঘটনা ঘটে বলে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. আমির জাফর জানান। 

নিহত আব্দুল মোনাফ (২৬) ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহ এর ছেলে। 

পুলিশ জানায়, আব্দুল মোনাফ একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

এডিআইজি বলেন, সকালে ওই ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীদের দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। 

“খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছোড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। 

“ত্রিমুখী গোলাগুলির এক পর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়ায়।” 

উপমহাপরিদর্শক বলেন, “এ সময় ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। “ 

আমির জাফর বলেন, “কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।“ 

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।