১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে পেট্রোল বোমা-ককটেল-গান পাউডার উদ্ধার, আটক ৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব প্রস্তুতি করা হচ্ছিল বলে দাবি পুলিশের।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পেট্রোল বোমা, ককটেল ও গান পাউডারসহ বিপুল বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে; যেগুলো নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে দাবি পুলিশের।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার বেলা ৩টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন। 

আটকরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ গ্রামের প্রয়াত আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম (২২), চাঁদপুরের মতলব উপজেলার পাঠান বাজার এলাকার নুর মোহাম্মদ স্বপনের ছেলে রাকিব হোসেন (২৫) ও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জালাল মিয়ার ছেলে জুয়েল রানা (২২)।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা বৃহস্পতিবারের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পেট্রোল বোমা, ককটেল, গান পাউডার, হাত বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রস্তুতি করা হচ্ছিল।

গোপন খবর পেয়ে ব্রাহ্মনপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নাশকতার বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয় বলে জানান ওসি আশরাফ হোসেন।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।