নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী
নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে।
নরসিংদীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রবাসীর স্ত্রী।
শুক্রবার দুপুরে শহরের পায়রা চত্বরে অবস্থিত পলি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে ওই প্রসূতি দুটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন বলে জানিয়েছে ক্লিনিকটির পরিচালক আরিফুল ইসলাম আবির।
প্রসূতি মর্জিনা বেগম (২২) সদর উপজেলার করিমপুর এলাকার প্রবাসী আশিকুর রহমানের স্ত্রী।
ক্লিনিকটির পরিচালক আরিফুল ইসলাম আবির বলেন, গাইনি সার্জন সুমাইয়া আজরীনের নেতৃত্বে অস্ত্রোপচারটি করা হয়। বর্তমানে মা ও নবজাতকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি বলেন, মা ও তিন নবজাতকই সুস্থ আছে। অস্ত্রোপচারটি কিছুটা জটিল হলেও সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
একসঙ্গে তিন সন্তানের জন্মের খবরে হাসপাতালে ভিড় করছেন স্বজনরা।
প্রসূতির বাবা আব্দুল হেকিম বলেন, “প্রথমে ভয় পেয়েছিলাম। পরে শুনলাম মেয়ে দুটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। আমরা সবাই খুব খুশি। আলহামদুলিল্লাহ, মা ও শিশুরা ভালো আছে।”
