০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়ার জেরে ছুরিকাঘাতে কৃষক নিহত

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও চার সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Oct 2026, 12:18 AM

Updated : 03 Oct 2026, 12:18 AM

নওগাঁর ধামইরহাট উপজেলায় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও চার সদস্য।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান।

নিহত আবুল কাশেম (৪২) ওই গ্রামের প্রয়াত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- আবুল কাশেমের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী। তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকালে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় আবুল কাশেমকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উভয়পক্ষের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানান এলাকাবাসীরা।

ওসি মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।