কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা, ফোন করে পুলিশকে জানানো নারী আটক
ওসি বলেন, “তাদের মধ্যে সম্পর্কের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।”
কুমিল্লার লালমাই উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিবেশী এক নারী ঘটনাটি ফোন করে পুলিশকে জানান। পরে পুলিশ ওই নারীকে আটক করে।
শনিবার সকালে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান।
নিহত মো. বাহার (৩২) ওই এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
এ ঘটনায় প্রতিবেশী রাসেল মিয়ার স্ত্রী ঝুমুরকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, “নিহতের স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি, সকালে বাহারকে বাড়ির পাশে নির্জন স্থানে ডেকে নেন ঝুমুর। পরে তাকে কুপিয়ে হত্যা করেন। হত্যার পর ঝুমুরই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।”
তিনি বলেন, “ঝুমুর দাবি করছেন, বাহার তাকে ধর্ষণের চেষ্টা করেছিল। তাই তিনি তাকে কুপিয়ে হত্যা করেছেন। তবে তাকে ঘটনার বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের মধ্যে সম্পর্কের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।”
নিহত বাহারের মা নেহারা বেগমের দাবি, “প্রতিবেশীদের সঙ্গে জমি ও সীমানা নিয়ে বিরোধ ছিল। শনিবার সকালে ফজরের পর আমার ছেলে হাঁটতে বের হলে তাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।”
তিনি বলেন, “বাহারের দুই হাতের আঙ্গুল অকার্যকর থাকায় স্বাভাবিক কোনো কাজকর্ম করতে পারত না।”
