২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সিলেট সীমান্তে ‘গুলিতে নিহত’ ২ বাংলাদেশি

রণিখাই ইউপির চেয়ারম্যান বলেন, আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 11:57 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ‘গুলিতে নিহত’ দুই বাংলাদেশির লাশ পড়ে আছে। 

রোববার বিকালে উপজেলা উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান।

নিহতরা হলেন- উপজেলার কালাইরাগের প্রয়াত ফজর আলীর ছেলে আলী হোসেন (৩০) এবং একই এলাকার প্রয়াত সুন্দর আলীর ছেলে কাওসার আহমদ (২৫)। 

উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান সাংবাদিকদের বলেন, “ভারতীয় খাসিয়াদের গুলিতে হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।”

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, তারা মাঝে মধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে যেতেন। আজও কয়েকজন মিলে গিয়েছিলেন। দুজন নিহত হন। লাশ দুটি ঘটনাস্থলে পড়ে আছে। খবর পেয়ে বিজিবি সেখানে গেছে।

এ বিষয়ে জানতে ৪৮ বিজিবির কালাইরাগ ক্যাম্পের কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।