গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার
ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।
গাজীপুর নগরের বাসন থানা এলাকা থেকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির এক নেতাকে গুলি করে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকালে ঢাকার দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয় বলে জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান।
এর আগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরের ১৭ নম্বর ওয়ার্ডের মোগরখাল এলাকায় থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায় বলে জানান বাসন থানার ওসি হারুনুর রশিদ জানান।
অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল বলেন, ঘটনার পর পর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। এদিন বিকাল সোয়া ৫টার দিকে মোটরসাইকেলটি উদ্ধার ও আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী শনাক্ত করেছেন। আসামিদের গ্রেপ্তারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চানের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় বসবাস করেন। এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য।
পুলিশ জানায়, এনসিপি নেতা হাবিব তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রি করার জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। সকালে মোগরখাল এলাকায় দুইজন মোটরসাইকেলটি দেখতে আসেন। ঘণ্টাব্যাপী তারা মোটরসাইকেলটি পর্যবেক্ষণ করেন।
এক পর্যায়ে তাদের একজন মোটরসাইকেলটি চালু করেন এক অন্যজন হাবিবের কাছে গিয়ে আগ্নেয়াস্ত্র বের করে গুলি ছোড়েন। হাবিব মোটরসাইকেলের পেছনে দৌড় দিল তাকে লক্ষ্য করে ফের গুলি ছোড়া হয়। তবে গুলি তার শরীরে লাগেনি।
আরও পড়ুন:
