Published : 22 Jun 2026, 06:53 PM
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভায় এক যুবদল নেতার বাড়িতে ঢুকে গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।
রোববার সকাল ১০টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগঞ্জ থানার ওসি মো. ফিরোজ উদ্দিন চৌধুরী।
সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেও জানান তিনি।
যে বাড়িটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের।
ভিডিওতে দেখা যাওয়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ভিডিওতে দেখা যায়, এক যুবক উঠানে দাঁড়িয়ে একটি ঘরের দিকে পিস্তল তাক করে গুলি ছুড়ছেন। এ সময় পেছন থেকে এক নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।
ওই যুবক বারান্দায় উঠে জানালার কাচ ভাঙচুর করেন। তাকে ঘরের ভেতরের দিকে অস্ত্র তাক করতেও দেখা যায়। একপর্যায়ে জানালার কাচ ও ফুলের টব ভাঙতেও দেখা যায় তাকে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অস্ত্র উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে সুমন মজুমদারকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।
ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিডিওসহ অন্যান্য তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার কারণ জানতে আবদুস সাত্তার মজুমদারের মোবাইলে ফোন করে সেটি বন্ধ পাওয়া যায়।