লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ রেস্তোরাঁকে জরিমানা
জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
লক্ষ্মীপুর সদরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে তিনটি রেস্তোরাঁকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম সাজিদা আক্তার সূচনা।
অর্থদণ্ড পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শ্রমিক হোটেলকে এক লাখ ১০ হাজার টাকা, রাজমহল হোটেলকে ৬০ হাজার এবং শাহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, দুপুরে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআই শহরের একটি বাজারে যৌথ অভিযান চালায়। এ সময় নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, রাস্তার ফুটপাত দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদর্শনে ব্যর্থ হয় প্রতিষ্ঠানগুলো। পরে জরিমানার পাশাপাশি রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, মো. আবিদ আহসান খান আকাশ, বিএসটিআই নোয়াখালীর ফিল্ড কর্মকর্তা মোহাম্মদ হাসিব এবং লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, অভিযানে র্যাব-পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
