২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যালয় পরিচালনা কমিটির ভোটে সংঘর্ষ, বিজয়ী প্রার্থীসহ আহত ১৫

পাল্টাপাল্টি হামলার সময় ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেল ও ৫০টি চেয়ার।

বিদ্যালয় পরিচালনা কমিটির ভোটে সংঘর্ষ, বিজয়ী প্রার্থীসহ আহত ১৫
মানিকগঞ্জের হরিরামপুরে বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন পরিচালনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 02:14 AM

Updated : 10 Sep 2026, 12:08 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে বিজয়ী অভিভাবক সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় দুটি মোটরসাইকেল ও ৫০টি চেয়ার। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যানিকেতন পরিচালনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণার পর এ সংঘর্ষ ঘটে বলে জানান হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম। 

আহতদের মধ্যে বিজয়ী অভিভাবক সদস্য আনোয়ার হোসেনকে (আনু) ও তার ভাই আব্দুর রাজ্জাককে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এছাড়া রবিন, সারো, রায়হান, আবিদসহ আরও ১২-১৩ জন আহত হয়েছেন। তারা হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

আনোয়ার হোসেনের বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। 

স্থানীয়রা জানান, বলড়া মুন্নু আদর্শ উচ্চ বিদ্যা নিকেতনের পরিচালনা কমিটির নির্বাচনে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদ্য সাবেক সভাপতি খোরশেদ আলমের প্যানেল থেকে জয়ী হন আনোয়ার হোসেন। 

নির্বাচনে এই প্যানেলের পক্ষে কাজ করেন বলড়া ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন কুন্নু। 

অন্যদিকে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থী হালিম বিশ্বাসের পক্ষে কাজ করেন বলড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক। 

স্থানীয়দের বরাতে ওসি শাহ নুর এ আলম বলেন, ফল ঘোষণার পর আনোয়ার হোসেন ও তার সমর্থকরা বিজয় মিছিল শুরু করলে হালিম বিশ্বাসের সমর্থকরা হামলা করে। এতে আনোয়ার হোসেন ও তার ভাই আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আহত হন। 

পরে সদস্য আনোয়ার হোসেনের সমর্থকরা হালিম বিশ্বাসের সমর্থকদের উপর পাল্টা হামলা করলে রবিন, সারো, রায়হান, আবিদসহ ৮-১০ জন আহত হয়েছেন। 

পাল্টাপাল্টি হামলার সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

লিমন ডেকোরেটরের মালিক রনি মিয়া দাবি করেন, সংঘর্ষের সময় তার ৫০ টির মতো চেয়ার ভাঙচুর করা হয়েছে। 

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন জানিয়ে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান বলেন, “এক পক্ষ বিজয়ী মিছিল শুরু করে পরে, অন্য পক্ষের কে বা কারা হামলা করে। এতে অনেকে আহত হয়েছে। আমি নিজে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি।” 

চেষ্টা করেও হালিম বিশ্বাসের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। 

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মানবেন্দ্র সরকার মানব বলেন, আনোয়ার ও রাজ্জাক নামের দুজন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণার পর কেন্দ্রের বাইরে কি ঘটনা ঘটেছে সে বিষয়ে জানি না “ 

হরিরামপুর থানা ওসি শাহ নুর এ আলম বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।