Published : 18 Jun 2026, 12:20 AM
গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে যাওয়া ভোগড়া বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে ভোটারদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারী যানবাহনের চাপের কারণে সড়ক পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হলেও এই সড়কের দুই পাশে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ছয়টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
ফুটওভার ব্রিজ বা নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি থেকে অনেক ভোটার ভোট দিতে না যাওয়ার সিদ্ধান্ত নেন বলে স্থানীয়দের দাবি।
এ বিষয়ে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, “সমস্যাটি নিয়ে লিখিত আবেদন পেলে সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।”
শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৯৪৬ জন। সড়কের দক্ষিণ পাশে ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা সাত হাজার ৩৫৭ জন। উত্তর পাশে ভোগড়া মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা পাঁচ হাজার ৮৩৩ জন।
এ ছাড়া উম্মুল কুরা বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার সংখ্যা দুই হাজার ৮৭৭ জন এবং উম্মুল কুরা হিফজ মাদ্রাসা কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ৮৭৯ জন।
স্থানীয় ভোটার মো. ইউনুছ আলী বলেন, সড়কের এক পাশ থেকে অন্য পাশে গিয়ে ভোট দিতে হওয়ায় ভোটদানে আগ্রহ থাকে না।
অন্যদিকে স্থানীয় ভোটার দিলারা সুলতানা সেতু বলেন, “আগে সড়কের দক্ষিণ পাশের ভোটাররা দক্ষিণ পাশের কেন্দ্রেই এবং উত্তর পাশের ভোটাররা উত্তর পাশের কেন্দ্রেই ভোট দিতেন। কিন্তু কয়েক বছর ধরে কেন্দ্র পুনর্বিন্যাসের ফলে অনেক ভোটারকে বাইপাস সড়ক পার হয়ে বিপরীত পাশে যেতে হচ্ছে। এতে বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ ভোটাররা ভোট দিতে সমস্যায় পড়ছেন।”
২০১৮ সালে সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডে কেন্দ্র পুনর্বিন্যাস করা হয়। তবে কী কারণে এই পুনর্বিন্যাস করা হয়েছিল, সে বিষয়ে গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান কিছু বলতে পারেননি। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে নথিপত্র পর্যালোচনা করতে হবে। নথি দেখে বিষয়টি জানা সম্ভব হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোগড়া এলাকায় ভোটদানের হারও তুলনামূলকভাবে কম ছিল। বিভিন্ন কেন্দ্রে ভোটদানের হার ২৮ দশমিক ৫১ শতাংশ থেকে ৪৫ দশমিক ৫৬ শতাংশের মধ্যে ছিল।
স্থানীয়দের মতে, ভোটারদের অবস্থান বিবেচনায় কেন্দ্র নির্ধারণ এবং সড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা করা উচিত। তারা ফুটওভারব্রিজ বা জেব্রা ক্রসিংয়ের দাবি করেছেন।