দল গঠনের অধিকার আছে, তবে অন্য নামে ভবিষ্যতে: সারজিস
“৫ অগাস্টের পর গিরগিটির মত ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় ভবিষ্যতে অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে। তবে অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে।
“ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে।”
তবে তা করার সময় এখন নয় বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে মাদারীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির এই সমন্বয়ক দেশের অনেক জেলায় ‘গিরগিটির মত ভুয়া সমন্বয়ক’ তৈরি হয়েছে জানিয়ে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সারজিস বলেন, “৫ অগাস্টের পর গিরগিটির মত ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।”
দেশের অনেকে জেলায় এমনটা হচ্ছে জানিয়ে তিনি বলেন, “তাদেরকে আলাদা করতে হবে। এদেরকে আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙ্গিয়ে আমাদের ইমেজকে খেয়ে ফেলবে।”
তিনি বলেন, “১৬ বছরের অত্যাচার ১৬ মাসেও শেষ হবে না। শেখ হাসিনার সরকার যে অপকর্ম করেছে, ছাত্রজনতার অভ্যুত্থানে সেই জায়গাটা ভেঙে গেছে। এই সুবিধাবাদীরা ছাত্রদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, চক্রান্ত করছে।
“এজন্য সবাইকে এক থাকতে হবে।আন্দোলনে অংশ নেওয়া ছাত্ররা কেউ আলাদা হবেন না। সবাই একত্রে থাকবেন। তা না হলে পরিণতি খারাপের দিকে যাবে।”
সারজিস বলেন, “মনে রাখতে হবে, ১৬ বছরের রেডি করা সেটাপ, অল্পকিছু মাথা পালাইছে, তাদের আসতে বেশি সময় লাগবে না।
তিনি আরও বলেন, “ছাত্রদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করেন কিংবা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেন, তাদেরকে বহিষ্কার করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে।”
