চেয়ারম্যান প্রার্থী সাবেক যুবদল নেতার পোস্টারে মুজিব-জিয়া-তারেকের ছবি!
ফাহিম হাসান নড়িয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক এক যুবদল নেতার পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে।
ফাহিম হাসান রনি মাঝি নামে ওই ব্যক্তি উপজেলার ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হতে জনগণকে শুভেচ্ছা জানিয়ে সেই পোস্টার প্রকাশ করেন। এতে তিনি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি একসঙ্গে ব্যবহার করেছেন।
ফাহিম হাসান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
রোজার ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি তিনজনের ছবি সম্বলিত পোস্টারটি এলাকায় সাঁটানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেন। তারপরই শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ ব্যাপারে জানতে চাইলে ফাহিম হাসান রনি মাঝি সাংবাদিকদের বলেন, “আমি রাজনীতির বাইরে নিরপেক্ষ অবস্থান থেকে নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করব। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনেক। এই কারণে আমার কাছে তিনি মহান।
“অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছে তাই দুজনের ছবিই আমি রেখেছি।”
তিনি বলেন, “তারেক রহমানের ছবি দেওয়ার কারণ হচ্ছে, তিনি এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্য কোনো কারণে ছবিগুলো দেইনি।”
