জয়পুরহাটে হিমাগারের ‘ভাড়া বৃদ্ধির’ প্রতিবাদ আলু চাষিদের
মানববন্ধনে আলু সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া কমানোসহ স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানান আলু চাষিরা।
জয়পুরহাটের কালাইয়ে হিমাগারে সংরক্ষিত আলুর ভাড়া বৃদ্ধি ও চড়া সুদে ঋণ আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষিরা।
রোববার দুপুরে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌর এলাকার আরবি নামে একটি হিমাগারের সামনে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় আলু চাষি, তাদের স্বজন ও এলাকাবাসী।
এ সময় হিমাগারে আলু সংরক্ষণকারী মো. আজিজ মণ্ডল, মো ফজলুল হক, মো রকি, মাফু, বেলাল হোসেন, রানা মিয়া, আব্দুল মোত্তালেব, সাইফুল, জহুরুল, মোস্তাফিজুর রহমান, আয়নাল, আলিমসহ মানববন্ধনে অংশ নেওয়া আলু চাষিরা জানান, গত বছর এ উপজেলায় মোট ১১টি হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতি বস্তা ২৭০ থেকে ২৯০ টাকা। এবারে তারা দাম বাড়িয়ে ভাড়া নির্ধারণ করেছেন প্রতি বস্তা ৩৫০ থেকে ৩৯০ টাকা।
তাদের দাবি, পাশের জেলার হিমাগারগুলোতে প্রতি বস্তা আলু সংরক্ষণের জন্য ভাড়া নেওয়া হচ্ছে ২৫০ থেকে ২৯০ টাকা।
মানববন্ধনে অংশ নেওয়াদের অভিযোগ, জেলার হিমাগার মালিকরা ব্যাংক থেকে ১৩ শতাংশ হারে ঋণ নিয়ে কৃষকদের মাঝে ওই ঋণ বিতরণ করেন ১৮ থেকে ২১ শতাংশ হারে। এতে কৃষকরা ক্ষতির সম্মুখীন হলেও বিষয়টি দেখার কেউ নেই।
মানববন্ধনে আলু সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া কমানোসহ স্বল্প সুদে ঋণ দেওয়ার দাবি জানান আলু চাষিরা।
পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে স্মারকলিপি দেন।
এদিকে, এম ইশরাত নামে একটি হিমাগারের ব্যবস্থাপক রায়হান বলেন, “ভাড়ার বিষয়টি হিমাগার অ্যাসোসিয়েশন ঠিক করে দিয়েছে। সরকার স্বীকৃত ৫০ কেজি ওজনের প্রতি বস্তা আলুর ভাড়া ৩৩০ থেকে ৩৪০ নির্ধারিত আছে। সেভাবেই আমরা ভাড়া নিচ্ছি। অন্যরা কে কীভাবে ভাড়া নিচ্ছে, সেটার বিষয়ে কিছু বলতে পারব না।”
তিনি আরও বলেন, “তবে আলু সংরক্ষণকারী কৃষক ও ব্যবসায়ীদের অধিকাংশই ৫০ কেজির বস্তার নামে ৬০/৬৫ কেজির বস্তা রাখেন। ভাড়া বাড়ানোর এটি একটি কারণ হতে পারে।”
০১৭৬৭৪২৬১৯৮ নম্বরে যোগাযোগ করা হলে নাম না জানিয়ে নিজেকে আরবি কোল্ডস্টোরেজ লিমিটেডের হিসাবরক্ষক পরিচয় দেওয়া ব্যক্তির কাছে ভাড়া বৃদ্ধি নিয়ে কৃষকদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগটি কেটে দেন।
