ময়মনসিংহে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
অটোরিকশাসহ চালককে আটক করেছে এলাকাবাসী।
মক্তব থেকে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা চাপায় এক শিশুর প্রাণ গেছে।
নিহত ছয় বছর বয়সী লামিয়া আক্তার উপজেলার উথুরী গ্রামের ছোবান মিয়ার মেয়ে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, সোমবার সকালে গফরগাঁওয়ের কান্দিপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে।
মো. আলাউদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি সাংবাদিকদের জানান, লামিয়া উথুরী খানাবাড়ি মসজিদের মক্তব থেকে বাড়ি ফিরছিলো। পথে একটি অটোরিকশা চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে অটোরিকশাসহ চালককে এলাকাবাসী আটক করে বলে জানান তিনি।
ঘটনাটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে ওসি ফারুক বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন তারা।
