২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় পল্লী বিদ্যুতের কর্মচারী নিহত

কর্মস্থলে যাওয়ার জন্য কাউসার নগর এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ফরিদ মিয়া।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2023, 05:14 PM

Updated : 03 Jun 2023, 05:14 PM

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় পল্লী বিদ্যুতের এক কর্মচারী নিহত হয়েছে।

শনিবার সকালে মহাসড়কের কাউসার নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মইনুল ইসলাম ভূইয়া।

নিহত ফরিদ মিয়া (৪০) সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার জয়বর্ধন পাড়া গ্রামের মৃত গোলাম আজম তালুকদারের পুত্র। তিনি হবিগঞ্জ পল্লী বিদ্যুতের মিটার রিডার হিসাবে কর্মরত ছিলেন।

ওসি মইনুল ইসলাম ভূইয়া জানান, ফরিদ মিয়া মাধবপুরে বসবাস করতেন। সকালে তিনি কর্মস্থলে যাওয়ার জন্য কাউসার নগর এলাকায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রতগামী পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, পিকআপ ভ্যানটি ও তার চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।