খুলনায় ট্যাংক-লরি ধর্মঘট, তেল উত্তোলন-বিপণন বন্ধ
দাবি পূরণ না হলে আরও কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের কমিশন বৃদ্ধি ও ট্যাংক-লরির ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন জ্বালানি ব্যবসায়ীরা। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ করে ২৪ ঘণ্টার এ ধর্মঘট পালন করছেন।
বাংলাদেশ ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, “জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি ও ট্যাংক লরির ভাড়া বাড়ানোর দাবিতে ২৪ ঘণ্টার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
“এ কারণে ট্যাংক-লরি মালিক ও শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখেছে। ফলে খুলনাসহ ১৫ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।”
রোববার সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু হয়েছে। তবে এ সময় পাম্প থেকে তেল বিক্রি বন্ধ থাকবে না বলে জানান তিনি।
ফরহাদ বলেন, বর্তমানে প্রতি লিটার জ্বালানি তেলে ২.৭১ টাকা কমিশন দেওয়া হয়। এর আগে তারা কমিশন বৃদ্ধির জন্য বিপিসি এবং জ্বালানি মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেও কোনো ফল পাননি। জ্বালানি তেলের মূল্য বর্তমানে অনেক বাড়লেও কমিশনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি।
এ পরিস্থিতিতে ট্যাংকলরি মালিক সমিতি ও জ্বালানি তেলের পাম্প মালিক সমিতি তাদের কমিশন প্রতি লিটার জ্বালানি তেলের বর্তমান মূল্যের ৭.৫ শতাংশ হারে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি ।
তবে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয়ভাবে কোনো কর্মসূচি না দেওয়া হলেও আঞ্চলিক কর্মসূচিতে কেন্দ্রের সমর্থন রয়েছে। তেলের দাম বাড়ার কারণে খুলনা অঞ্চলের লরি মালিকরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ডিজেলের দাম লিটার ১১৪ টাকা হয়ে যাওয়ার বিপিসি ও জ্বালানি মন্ত্রনালয় ডিপোগুলো থেকে ৪০ কিলোমিটার এলাকা বা অঞ্চলের ভাড়া পুননির্ধারণ করা হয়েছে। কিন্তু এরচেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রে কোনো বক্তব্য নেই। খুলনার ডিপো থেকে দেড়শ থেকে ২০০ কিলোমিটার দূরেও পেট্রোল পাম্প রয়েছে।
তাই সেখানকার ট্যাঙ্কগুলো বেশি সমস্যায় পড়েছে বলে মন্তব্য করেন সংগঠনের সভাপতি।
