২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠেকাতে টাকা ঢালছে: পররাষ্ট্রমন্ত্রী

“একটি মহল সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতে ওঠেছে; তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।”

শান্তি মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ঠেকাতে টাকা ঢালছে: পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার শাহ খুররম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2023, 08:08 PM

Updated : 28 Jul 2023, 08:08 PM

বাংলাদেশ থেকে যেন জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে লোক যেতে না পারে সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, “সরকারের সফলতা দেখে কোনো লোক সরকারকে পছন্দ নাও করতে পারে; এটা তার একান্ত ব্যক্তিগত। কিন্তু এর মানে এই নয় যে, সে দেশের ক্ষতি করবে। একটি মহল সরকারের ক্ষতি করতে দেশ ধ্বংসের তালে মেতে ওঠেছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে; কিন্তু তাদেরকে তা করতে দেওয়া হবে না।

“প্রায় এক লাখ ৮৬ হাজার পিস কিপার বিভিন্ন দেশে কাজ করেছে। সেখানে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিমান বাহিনী সবাই আছে। একদল লোক তদবির করছে, আমাদের এই লোকগুলোকে যেন পিস কিপিংয়ে না নেওয়া হয়। শেইম অন দেম, শেইম অন দেম।

মন্ত্রী আরও বলেন, “তারা টাকা খরচ করছে আর বলছে, শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করেন; এটা বন্ধ না হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। এই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন।”

শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলার শাহ খুররম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়নে দরিদ্রদের মধ্যে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যদি আগামী নির্বাচন নিয়ে অনিশ্চতা দেখা দেয় তাহলে আমরা কেউ শান্তিতে থাকতে পারবে না। দেখেন আফগানিস্তানে অনিশ্চতা হল, লিবিয়ায় অনিশ্চতা হল- দেশ দুটি ধ্বংসের মুখে আছে।”

“মনে রাখবেন, অন্যরা আপনার উপকার চায় না। আগামী নির্বাচন একটি বড় নির্বাচন, আমরা একটি সুন্দর-স্বচ্ছ নির্বাচন করতে চাই। আমরা কোনো ধরনের মারামারি, কাটাকাটি চাই না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের মঙ্গল চায় জানিয়ে তিনি বলেন, “শেখ হাসিনাকে যদি আবার নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে বাংলাদেশের চেহারা যেভাবে বদলাচ্ছে; আরও আরও উন্নয়ন হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন।