শ্রীমঙ্গলে হয়ে গেল জপমালা রাণী মা মারীয়ার তীর্থোৎসব
দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় উৎসব শেষ হয়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানে ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী এই উৎসব সম্পন্ন হয়েছে।
‘বিশ্বাস গঠনে মা মারিয়ার সাথে একত্রে পথচলা’ প্রতিপাদ্যে হরিণছড়া চা বাগানের সেন্ট মেরিস চার্চে ৩৩তম এই উৎসব হয়।
রোববার সন্ধ্যায় দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে উৎসব শেষ হয়।
সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন, ঈশ্বর কুমারী মারীয়াকে বেছে নিয়েছে তার পুত্রের জননী হওয়ার জন্য। মা মারীয়া হলো উদ্ধারকর্তা ঈশ্বরপুত্র যিশুখ্রিস্টের মা। জপমালা প্রার্থনার সময় স্তবে মা মারীয়াকে বলা হয় অমলোদ্ভবা মারীয়া; কারণ ঈশ্বর তাকে যিশুখ্রিস্ট্রের মা হওয়ার জন্য বেছে নিয়েছেন এবং কুমারী অবস্থায় গর্ভধারণ করে জন্মদান করেন মুক্তিদাতা যিশুখ্রিস্টকে।
তীর্থোৎসব উদযাপন কমিটির সভাপতি ফাদার নিকোলাস বাড়ৈ বলেন, “এই বছর আমরা এই স্থানে ৩৩তম জপমালা মা মারীয়া তীর্থোৎসব পালন করছি।”
তিনি বলেন, হরিণছড়ায় তীর্থোৎসবে সিলেট বিভাগের সকল জেলা-উপজেলায় বসবাসরত ক্যাথলিকসহ দেশের বিভিন্ন বিভাগের খ্রিস্ট ধর্মাবলম্বীরা প্রতিবছর অংশগ্রহণ করে।
উৎসব উদযাপন কমিটির সদস্য ডমিনিক সরকার রনি বলেন, এই তীর্থোৎসবে তীর্থযাত্রী খ্রিস্টভক্তরা ব্যক্তিগত মানত করেন। উদ্দেশ্য সফলের লক্ষ্যে প্রার্থনা, অনুতাপ প্রার্থনা (পাপস্বীকার), আরাধনা সংস্কার, জীবন্ত ক্রুশে পথ ও জপমালা রানী মা-মারীয়া কাছে বিশেষ করে ধরণীর সকল মানব কল্যাণে প্রার্থনা করা হয়।
