স্ত্রীকে হত্যার পর ওয়ারড্রোবে লুকিয়ে রেখে স্বামীর আত্মসমর্পণ
নিহত সুমাইয়া তার দ্বিতীয় স্ত্রী, এক মাস আগে মনোয়ার নামের ওই ব্যক্তির সঙ্গে বিয়ে হয়।
দিনাজপুর শহরের ঘাসিপাড়ায় স্ত্রীকে হত্যা করে ওয়ারড্রোবে লুকিয়ে রেখে স্বামী থানায় আত্মসমর্পণ করেছেন।
শুক্রবার ভোরে হত্যার পর রাত ১০টার দিকে কোতোয়ালী থানায় গিয়ে তিনি স্ত্রী খুনের কথা পুলিশকে জানান।
ওই ব্যক্তির নাম মনোয়ার হোসেন (৩৩) যিনি স্ত্রী সুমাইয়া আক্তারকে (২৭) হত্যার কথা নিজে থেকে এসে থানায় বলেছেন, জানান কোতোয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম।
তিনি জানান, মনোয়ারের সঙ্গে দিনাজপুরের বীরগঞ্জ উজেলার সুজালপুরের কলেজপাড়ার আব্দুল খালেকের মেয়ে সুমাইয়ার এক মাস আগে বিয়ে হয়। মনোয়ারের বাড়ি দিনাজপুর শহরের ছোট গুড়গোলায়। তিনি ঘাসিপাড়ায় ওই বাড়ির চতুর্থ তলায় এক বছর যাবত ভাড়া থাকেন। সুমাইয়ার মনোয়ারের দ্বিতীয় স্ত্রী।
স্বামী মনোয়ারের দেওয়া প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার ভোর ৩টা থেকে ৪টার মধ্যে তাকে গলা টিপে হত্যার পর মরদেহ ওয়ারড্রোবে লুকিয়ে রাখে।
হত্যার কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।
ওসি তানভিরুল জানান, মরদেহ রাত পৌনে ১১টায় উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।
