জাবি গ্রন্থাগার: খসে পড়ছে পলেস্তারা, বৃষ্টিতে চুইয়ে পড়ে পানি
শুক্রবার থেকে সংস্কারের কাজ শুরু হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক।
সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি ও মাঝে মাঝে পলেস্তারা খসে পড়ার মত ঘটনা ঘটছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে। ফলে পড়ালেখায় ব্যাঘাত ঘটছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
তারা বলেন, তিনতলা বিশিষ্ট কেন্দ্রীয় গ্রন্থাগারের নানা সমস্যা থাকলেও তা আমলে নিচ্ছে না কর্তৃপক্ষ। মাসের পর মাস এই সমস্যাগুলো গ্রন্থাগার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
গ্রন্থাগারের নিয়মিত শিক্ষার্থীদের একজন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাদ চুইয়ে পানি পড়ার সমস্যা লাইব্রেরিতে নতুন না। এই সমস্যার জন্য কয়েকটি ডেস্কে বসে পড়া যায় না।”
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আদনান করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরই মধ্যে কয়েকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা কথা কানেই নিচ্ছে না। লাইব্রেরির কর্মকর্তা কিংবা কর্মচারী পুরো লাইব্রেরিতে কী হচ্ছে সে বিষয়ে অবগত না।
“যতদূর জানি, তাদের কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া। তবুও সমস্যার সমাধান হচ্ছে না। ছোট ছোট কাজ করতেও তারা গড়িমসি করেন। শিক্ষার্থীদের জন্যই লাইব্রেরি আর শিক্ষার্থীদের সার্ভিস দেওয়ার জন্যই তারা নিয়োজিত; অথচ এসবে তাদের ভ্রূক্ষেপ নেই।”
দ্রুত ছাদ থেকে পলেস্তারা-পানি পড়া এবং ওয়াশরুমের সমস্যার সমাধানের দাবি জানান এই শিক্ষার্থী।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক শামীম কায়সার বলেন, “বিষয়টি আমি আজই লাইব্রেরিতে গিয়ে পর্যবেক্ষণ করে এসেছি। ছাদের উপরে একটা বটগাছ আছে। সেটারও ছবি তুলে নিয়ে এসেছি।
“এ নিয়ে এরই মধ্যে ট্রেজারারসহ কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ফান্ডের ব্যাপারে তিনি আমাকে আশ্বস্ত করেছেন। ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে।
শুক্রবার থেকে এর সংস্কারের কাজ শুরু করা হবে এবং বাথরুমের একটা পাইপ ভেঙে গিয়েছিল সেটাও মেরামত করা হবে বলে জানান তিনি।
