গুইমারায় সহিংসতার এক বছর: ক্ষতিগ্রস্তদের সহায়তা দিল সেনাবাহিনী
২০২৫ সালের ২৮ অক্টোবর মারমা কিশোরী ধর্ষণর জেরে সৃষ্ট সহিংসতায় গুইমারা রামসু বাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে আরও সহনশীল হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন খাগড়াছড়ির এ সংসদ সদস্য।
তিনি বলেন, “আঞ্চলিক দলগুলোকে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা একটু সহনশীল হোন। কায়েমি স্বার্থবাদের, ব্যক্তি স্বার্থের উঠে জনস্বার্থে, এলাকার সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আপনারা প্রশাসনকে সাহায্য করুন। জনগণের পাশে দাঁড়ান। আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব।”
তিনি বলেন, “আমরা তিলে তিলে চাচ্ছি পাহাড়কে শান্ত করে, পাহাড়ের উন্নয়ন, পাহাড়ের শান্তি, অগ্রগতি, বন্ধুত্ব, পাহাড়ি এবং বাঙালির মধ্যে সমঝোতা, আস্থা ও বিশ্বাস স্থাপন করার। আমরা এই পাহাড়কে সুন্দর পরিবেশে তৈরি করতে চাই।
“জনগণের মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। একটা জনগণ হলো সশস্ত্র গ্রুপ। এরাও জনগণের একটা অংশ। আরেকটা জনগণ হলো নিরস্ত্র গ্রুপ। এই নিরস্ত্র গ্রুপ কিন্তু বাংলাদেশের মূল স্রোত ধারায় মিশে যেতে চায়। আর সশস্ত্র গ্রুপগুলোকে বাংলাদেশের ছোট ধারা থেকে দূরে রাখতে চায়।”
এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান ঘর নির্মাণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইলচেয়ার প্রদান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়।
২০২৫ সালের ২৮ অক্টোবর মারমা কিশোরী ধর্ষণর জেরে সৃষ্ট সহিংসতায় গুইমারা রামসু বাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তিনজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, সাংবাদিকসহ অর্ধশত ব্যক্তি আহত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খান উপস্থিত ছিলেন।
