২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যার আসামি নাটোরের ইউপি সদস্যের লাশ মিললো সিরাজগঞ্জে

একটি হত্যা মামলার আসামি ছিলেন তিনি; ওই হত্যাকাণ্ডের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 12:01 PM

Updated : 19 Oct 2022, 01:42 PM

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে নাটোরের এক ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে; যিনি একটি হত্যা মামলার পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

উপজেলার পাটধারী এলাকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক থেকে বুধবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে সলঙ্গা থানার ওসি শহীদুল ইসলাম জানান।

নিহত ফরিদুল ইসলাম আকন্দ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও খোকা আকন্দের ছেলে।

ওসি বলেন, কিছুদিন আগে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দুটি হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় দায়ের করা একটি মামলায় আসামি ছিলেন ফরিদুল। মামলা মাথায় নিয়েই পলাতক ছিলেন তিনি।

“ওই হত্যাকাণ্ডের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।