হবিগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল নারীসহ দুইজনের
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে; এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব জানান।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাকুয়া গ্রামের বাসিন্দা আকিব মিয়া (৬০) এবং চর কাটকাল গ্রামের লাল মিয়ার মেয়ে সুর চাঁন বেগম (৩৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি পরিমল বলেন, অটোরিকশাটি পাঁচজন যাত্রী নিয়ে মৌলভীবাজার থেকে নবীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে আউশকান্দি মিঠাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই একজন নারীসহ দুই যাত্রীর মৃত্যু হয়। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।
