২০ বছর ধরে ভিত্তিপ্রস্তরেই আটকে ফুলদী নদীর সেতু
প্রশাসন জানিয়েছে, সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা শহর থেকে গজারিয়া উপজেলাকে বিচ্ছিন্ন ও বিভক্ত করে রেখেছে মেঘনার শাখা ফুলদী নদী। এই নদীতে ভিত্তিপ্রস্তর স্থাপনের দুই দশকেও শুরু হয়নি সেতুর নির্মাণ কাজ।
নদী পারাপারে এখনও ফেরি আর খেয়া নৌকাই ভরসা উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের। রাতে বা ঝড়-বৃষ্টিতে তাও মিলে না। ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে গজারিয়া উপজেলার গণমানুষের প্রাণের দাবি ছিল, ফুলদী নদীতে একটি সেতু।
সেই দাবির পরিপ্রেক্ষিতে উপজেলার রসুলপুর এলাকায় ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন চারদলীয় জোট সরকারের যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর ২০ বছর অতিবাহিত হলেও রসুলপুর প্রান্তে সেই ভিত্তিপ্রস্তরের ফলক পর্যন্তই রয়ে গেছে সেতুর নির্মাণ কাজ।
তবে বর্তমান সরকার ফুলদী সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের সংশ্লিষ্টরা।
এদিকে স্বাধীনতার ৫০ বছরে সেতু নির্মাণ না হওয়ায় অপার সম্ভাবনার মেঘনা তীরের জনপদটিতে তৈরি হয়েছে নানা চ্যালেঞ্জ। নদীর দুই পারেই অফিস-আদালত, স্কুল-কলেজসহ নানা প্রতিষ্ঠান থাকায় জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকা ও ফেরিতে হরদম পারাপার করতে হয় মানুষকে। এর মধ্যে ঘটছে দুর্ঘটনাও।
স্থানীয়রা বলছে, সেতুটির অভাবে জনদুর্ভোগ এখন চরমে। এখানকার কৃষিভিত্তিক অর্থনীতিসহ এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার মারাত্মভাবে বিঘ্নিত হচ্ছে।
নদী পারের গ্রামবাসীরা জানায়, ভিত্তিপ্রস্তরের পর সাড়ে ২০ বছরেও গজারিয়ার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় রসুলপুর, দৌলতপুর, ইমামপুর, আঁধারমানিক, করিম খাঁ, মাথাভাঙ্গা, গজারিয়া, হোসেন্দী, ইসমানিরচর গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ ব্যাপক দুর্ভোগের মধ্যে ইঞ্জিনচালিত ট্রলার দিয়ে ফুলদী নদী পাড়ি দিয়ে জীবনযাপন অব্যাহত রেখেছে।
এ ছাড়া এসব গ্রামের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী প্রতিদিন নদী পাড়ি দিয়ে গজারিয়া পাইলট হাইস্কুল, গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা, মাথাভাঙ্গা মহিলা আলিম মাদ্রাসা ও গজারিয়া সরকারি ডিগ্রি কলেজে পড়ালেখা করছে।
বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান জানান, ভবেরচর-মুন্সীগঞ্জ সড়কের রসুলপুর পয়েন্টে ফুলদী সেতু নির্মাণ হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সহজ সংযোগের এক ধাপ এগিয়ে যাবে।
বীর মুক্তিযোদ্ধা তানেস উদ্দিন বলেন, “এই ফুলদী নদী দুই ভাগে ভাগ করেছে আমাদের গজারিয়াকে। ব্রিজটি নির্মাণ হলে আমাদের কৃষি অর্থনীতিতে বিপ্লব ঘটবে, সহজেই আমরা মালামাল নির্দিষ্ট গন্তব্যে পৌছাতে পারবো। নানাভাবে সুবিধা পাবে দুই পারের মানুষ।”
গজারিয়ার বাসিন্দা আবুল বাশার বলেন, “নদীর এক পাড়ে ফায়ার সার্ভিস রয়েছে। অনেক সময় কোথাও অগ্নিকাণ্ড ঘটলে ফায়ার সার্ভিস ঠিক মতো পৌঁছাতে পারে না এই নদীর জন্য। যে ফেরি ও ট্রলার বর্তমানে সার্ভিস দিচ্ছে সেটিও ঝড়-বৃষ্টিতে বন্ধ থাকে। এতে বিপাকে পড়তে হয় আমাদের।”
এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, “গজারিয়ার যে ইউনিয়নটি আছে সেটি মেঘনার শাখা নদী ফুলদী দ্বারা বিভাজিত। সে কারণে এলাকার জনগণের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।
“প্রশাসনিক সেবাও বাধাগ্রস্ত হচ্ছে। কেননা সরকারি অফিস নদীর দুই পাড়েই অবস্থিত। নদীতে ব্রিজ তৈরি হলে গজারিয়াবাসীর সেবা প্রাপ্তি সহজ হবে।”
তিনি বলেন, “গুরুত্ব বিবেচনায় সরকার ফুলদী নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য সম্ভাবতা যাচাইসহ অন্যান্য কারিগরি কার্যক্রম শুরু করেছে। ৩০০ মিটার দীর্ঘ ফুলদী সেতু নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা।”
গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম জানান, রসুলপুর ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্প কয়েকটি বিষয়ের ওপর নির্ভরশীল হওয়ার কারণে নির্মাণ কাজ শুরু হচ্ছে না।
তিনি বলেন, “ফুলদী নদীর ওপর সেতু নির্মাণসহ মেঘনা নদীতে সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে পদ্মা সেতুর মাধ্যমে পশ্চিমাঞ্চলের সেতুবন্ধন হবে। গজারিয়ায় বাস্তবায়নাধীন শিল্পপার্ক, গার্মেন্টস পল্লী এবং ওষুধ শিল্পপার্কের মালামাল সহজে দক্ষিণাঞ্চলে পরিবহন করা যাবে।”
তিনি আরও বলেন, “সেতু দুটি নির্মিত হলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে খুলনার মংলা ও পটুয়াখালীর পায়রা বন্দরের সড়ক যোগাযোগে প্রবেশদ্বার হবে গজারিয়া।”
