২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার হত্যা মামলায় আইনজীবী ছিলেন সেদিনের শিশুপুত্র বাহাদুর

২৯ বছর আগের শিশু মোস্তাফিজুর রহমান বাহাদুর এখন গাজীপুর জজ আদালতের আইনজীবী।

বাবার হত্যা মামলায় আইনজীবী ছিলেন সেদিনের শিশুপুত্র বাহাদুর

নিজের চেম্বারে মোস্তাফিজুর রহমান বাহাদুর

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 01:25 AM

Updated : 02 Nov 2022, 11:21 AM

জমিজমার বিরোধে ১৯৯৩ সালে খুন হন গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালার ধনাই বেপারীর ছেলে সুলতান উদ্দিন।

সেদিন সুলতানের ছেলে মোস্তাফিজুর রহমান বাহাদুরের বয়স ছিল ছয় বছর। সেদিনের শিশু বাহাদুর এখন গাজীপুর জজ আদালতের আইনজীবী।

আইনজীবী হিসেবে বাবার হত্যা মামলা পরিচালনা করে হত্যাকারীদের সাজা দিতে সহায়তা করেছেন সেদিনের শিশু মোস্তাফিজুর রহমান বাহাদুর। তার বাবার সাত হত্যাকারীর আমৃত্যু ও যাবজ্জীবন সাজা হয়েছে।

আইনজীবী হয়ে বাবার হত্যায় জড়িতদের আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য  দিয়ে বাবার সহোদর ভাই ও সৎ ভাইসহ সাত জনের শাস্তি নিশ্চিত করেছেন বাহাদুর।

সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক বাহাউদ্দিন কাজী ওই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিতদের মধ্যে নিহতের আপন ভাই মো. মাইন উদ্দিন বেপারী (৬৫) এবং সৎ ভাই আবুল কাসেম বেপারীকে (৬০) আমৃত্যু কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন স্থানীয় আব্দুল কাদিরের ছেলে দুলাল উদ্দিন (৫০), ধনাই বেপারীর ছেলে নিহতের আরেক সৎ ভাই আ. মান্নান (৫৫), বেলতলীর সোনা উল্লাহর ছেলে মাইন উদ্দিন (৬০), একই এলাকার শুক্কুর আলীর ছেলে মো. আজিজুল হক (৬০)। 

আরেক আসামি মো. গিয়াস উদ্দিন (৬০) বেকসুর খালাস পান।

বাহাদুর জানান, তার দাদা ধনাই বেপারীর ছিল তিন সংসার। তিন ঘরে ১৭ সন্তানের মধ্যে সুলতান উদ্দিনসহ তার ছেলে ছিল ১৩ জন। পৈত্রিক সম্পদের উত্তরাধিকার নিয়েই দ্বন্দ্ব ছিল ভাইদের মধ্যে। এই দ্বন্দ্বে সুলতান উদ্দিন বেপারীর আগে তার আরও দুই ভাই প্রাণ হারান। ওই হত্যাকাণ্ডে দোষীরা সঠিক সাজা না পেলেও সুলতান উদ্দিন বেপারীকে হত্যায় সাতজনের সাজা হয়েছে।

২৯ বছর আগে সুলতানকে হত্যার অভিযোগে মামলাটি করেছিলেন তার আরেক সহোদর মোতাহার হোসেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। আসামিদের মধ্যেও বেশ কয়েকজন মারা গেছেন। রায়ের সময় বেঁচে থাকা ৮ আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন; যাদের একজন বেকসুর খালাস পান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি ফরিদা ইয়াসমিন জানান, ১৯৯৩ সালের ১৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সুলতান উদ্দিন নিজ বাড়িতে বসে ভাই মোতাহার হোসেন ও প্রতিবেশী মুজিবুর রহমানের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা ওই ঘরে প্রবেশ করেন। এক পর্যায়ে তারা  সুলতানকে ধরে বুকে ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গুলি করে ঘটনাস্থলেই হত্যা করেন।

এ ঘটনায় নিহেতর ভাই মোতাহার হোসেন শ্রীপুর থানায় মামলা করলে তদন্ত শেষে ১৯৯৫ সালে ১১ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ।

১৯৯৭ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ মামলার বিচারকাজ শুরু হয়।

বাহাদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ বছর মামলা চলাকালীন অভিযুক্ত আরও ৫ জন মৃত্যুবরণ করেছেন। তারা হলেন ওই এলাকারই ময়েজ উদ্দিন বেপারী, মোমেন, মোস্তফা, আব্দুল ওয়াহাব ও হানিফা।

তিনি বলেন, তার বাবার হত্যা মামলার বেশ কয়েজন সাক্ষী ছিলেন। তারা আসামিপক্ষের ভয়ে কোনোদিন আদালতে আসতে পারেনি সাক্ষী দিতে। তিনি আইনজীবী হওয়ার পর থেকে সাক্ষীদের আদালতে আসা শুরু হয়। তখন প্রতিপক্ষ একজন সাক্ষীকে মোটা অংকের টাকা দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়াতে চেষ্টা করে। যাকে পরবর্তীতে প্রত্যাহার করে নেওয়া হয়।

“শুধু সাক্ষী নয় তারা মামলার আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিন বেপারীকে অব্যাহতি দিয়ে পুলিশকে দিয়ে চার্জশীটও দাখিল করিয়েছিল। আমরা চার্জশীটের বিরুদ্ধে নারাজি দিলে তাকে আবার মামলায় যুক্ত করে নতুন চার্জশীট দেওয়া হয়।”

মামলাটি দায়ের করার পর চার বছর সময় লেগেছে ট্রায়াল প্রস্তুত করতেই; আর ২৫ বছর লেগেছে বিচার কাজ শেষ হতে, বলেন বাহাদুর।

রায়ে সন্তোষ প্রকাশ করে বাহাদুর বলেন, “বাবাকে যখন হত্যা করা হয় তখন আমার বয়স ছিল ৬ বছর। কোনো কিছু বোঝার বয়স ছিল না। আমার মা শিউলি বেগম ও বড় ভাই একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ অন্য ভাইয়েরা বাবার হত্যার বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন।”

অনেক সময় মা তাকে সঙ্গে নিয়ে আদালতে যেতেন জানিয়ে তিনি বলেন, “মা আর ভাইদের সেই কষ্ট দেখতে দেখতে বড় হয়ে উঠেছি। ২০০৫ সালে এইচএসসি পাশ করার পর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ইংরেজি বিভাগে অনার্সে ভর্তি হই। কয়েকদিন ক্লাস করার পর সেই সিদ্ধান্তের পরিবর্তন হয়।”

এরপর সেখানকার ভর্তি বাতিল করে ২০০৭ সালে ঢাকায় এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেন এবং ২০১২ সালে আইন পাশ করে শিক্ষানবিশ হিসেবে আইন পেশা শুরু করেন। ২০১৪ সালে সনদ প্রাপ্ত হয়ে পুরোপুরি আইন পেশা শুরু করেন।

বাহাদুর বলেন, “বাবার হত্যাকারীদের শাস্তি দিতেই পণ করেছিলাম আইনজীবী হওয়ার। অনেক কষ্ট করে আমি আইনজীবী হয়েছি। আইনজীবী হয়ে বাবার হত্যাকারীদের আদালতের বিচারকের কাছে তুলে দিতে পেরেছি। বিচারও পেয়েছি। আজ আমার আইনজীবী হওয়া সার্থক হয়েছে।”

আসামিদের ফাঁসি হলে তিনি আরও বেশি খুশি হতেন বলে জানান।